রংপুরে কাল আধা বেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ব্যবসায়ী ও যুবলীগের নেতা ইমরান মিয়া হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল সোমবার আধা বেলা হরতাল ডেকেছে মহানগর দোকান মালিক সমিতি। কাল সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ হরতাল পালিত হবে।

হরতালে সমর্থন জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ।

হরতালের সমর্থনে মেয়র আজ শহরের মেডিকেল মোড়, সাতমাথা, মাহিগঞ্জ, মডার্ন মোড়, শাপলা মোড়সহ বেশ কয়েকটি এলাকায় পথসভা করেন।

পথসভায় মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, অবিলম্বে ইমরানের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পথসভায় মেয়র ছাড়াও সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম জানান, ইমরান শহরের মাহিগঞ্জ সাতমাথা ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জানান, গত বৃহস্পতিবার মহানগর দোকান মালিক সমিতির এক জরুরি সভায় এ হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়।

১০ নভেম্বর রংপুর শহরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান মিয়া (২৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরদিন সকাল ছয়টার দিকে তিনি মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।