রংপুরে কিশোরের পুঁতে রাখা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক কিশোরের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নগরের সুলতানের মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। একই এলাকায় রাতে দুটি বাড়ি ও একটি ছাত্রীনিবাসে ডাকাতির ঘটনাও ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, নগরের সুলতানের মোড় এলাকায় রংপুর-বদরগঞ্জ সড়কের পাশে একটি খেতে সকালে লোকজন মাটিতে পুঁতে রাখা কিশোরের মাথা দেখতে পান। তাঁরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে তার কোনো পরিচয় জানা যায়নি। এদিকে যেখানে লাশটি পাওয়া যায়, সেখান থেকে ৫০ গজ দূরে রোববার রাতে আবদুস সামাদ ও তারা মিয়ার বাড়িতে এবং প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রীনিবাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা ছাত্রীনিবাস ও বাড়ি থেকে ৩০টি মুঠোফোন সেট, নগদ আট লাখ টাকা ও সোনার গয়না নিয়ে গেছে।
বাড়ির মালিক আবদুস সামাদ সরকার জানান, অস্ত্রের মুখে ডাকাতেরা তাদের সবকিছু নিয়ে গেছে।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।