রংপুরে কৃষক, নাটোরে গ্রাম পুলিশ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মাহিগঞ্জে গতকাল শুক্রবার ভোরে চাতালে জমি চাষাবাদের ট্রাক্টর রাখার অপরাধে কৃষক ওয়াজিউল্লাহকে (৫৫) লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, জমি চাষাবাদের পর গত বৃহস্পতিবার রাতে শহরের মাহিগঞ্জ এলাকার আজগর আলীর চাতালে একই গ্রামের ওয়াজিউল্লাহ একটি ট্রাক্টর রাখলে চাতালের মালিক আজগর ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন। ঘটনার পর ওয়াজিউল্লাহ গতকাল শুক্রবার ভোরে আজগর আলীর বাড়িতে গিয়ে চাতালের নষ্ট হওয়া অংশ সংস্কার করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন। কিন্তু এতেও আজগর রাজি না হওয়ায় তাঁকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ওয়াজিউল্লাহ মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বলেন, মৃতের ময়নাতদন্ত হয়েছে। মামলা হয়নি। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে গ্রাম পুলিশ আ. সামাদ শেখকে (৫৫) খুনের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিবারের দাবি, উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়া গ্রামের গ্রাম পুলিশ আ. সামাদকে পূর্বশত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে।