রংপুরে কৃষক হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড
রংপুরের পীরগাছা উপজেলায় ১৫ বছর আগে এক কৃষককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় দেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানিয়েছেন। রায় ঘোষণা করার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন মানিক মিয়া ও হাসান আলী। তাঁদের বাড়ি উপজেলার কৈকুড়ি ইউনিয়নের দিলালপাড়া গ্রামে। আমজাদ হোসেন ও শাহিনুর বেগম নামে দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার নথির বরাত দিয়ে রথীশ চন্দ্র ভৌমিক জানান, কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ গ্রামের কৃষক মাহাতাব হোসেনের (৩৫) সঙ্গে টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল আসামিদের। ২০০১ সালের ৩০ জুলাই মাহাতাবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরের দিন মানিক মিয়া ও হাসান আলীর বাড়িসংলগ্ন পুকুর থেকে মাহাতাবের লাশ উদ্ধার করে পুলিশ।