রংপুরে কৃষক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড
রংপুরে পনেরো বছর আগে এক কৃষককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রথিশ চন্দ্র ভৌমিক এসব তথ্য জানান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানিক মিয়া (৩০) ও হাসান আলীর (৩১) বাড়ি পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের দিলালপাড়া গ্রামে। অপরাধ প্রমাণিত না হওয়ায় আমজাদ হোসেন ও শাহিনুর বেগম নামের দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার নথির বরাত দিয়ে রথিশ চন্দ্র ভৌমিক জানান, কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ গ্রামের কৃষক মাহাতাব হোসেনের (৩৫) সঙ্গে টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল আসামিদের। ২০০১ সালের ৩০ জুলাই রাত ১০টার দিকে মাহাতাবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান দুর্বৃত্তরা। পরের দিন মানিক মিয়া ও হাসান আলীর বাড়ি সংলগ্ন পুকুর থেকে মাহাতাবের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই আবু বক্কর সিদ্দিক চারজনকে আসামি করে পীরগাছা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ১৪ ফেব্রুয়ারি পীরগাছা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।