রংপুরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
রংপুরে মনতাজুল ইসলাম দুদু (৪৩) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও দুদুর পরিবারের সদস্যরা জানায়, রংপুর সদরের সাতগাড়া ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামের কৃষক দুদু গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পায়নি। অবশেষে গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি বড় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দুদুর লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বৃহস্পতিবার বিকেলে জানান, কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করতে তদন্তে নেমেছে পুলিশ। এ ব্যাপারে দুদুর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।