রংপুরে কৃষিজমিতে আ.লীগ নেতার অনুমোদনহীন ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধি লঙ্ঘন করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র (অনুমোদন) ছাড়াই রংপুরের পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এক নেতা কৃষিজমিতে অবৈধভাবে দুটি ইটভাটা গড়ে তুলেছেন। ভূমি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, ‘আবাসিক ও কৃষিজমিতে ইটভাটা নির্মাণ দণ্ডনীয় অপরাধ।’উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পাঁচগাছি গ্রামে আবাসিক এলাকায় ‘কেএনবি’ ও সানেরহাট ইউনিয়নের পবনপাড়া গ্রামে ‘জেএক্সইবি’ নামের দুটি ইটভাটা রয়েছে। ইটভাটা দুটির মালিক রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গণি জানান, পরিবেশ অধিদপ্তর থেকে ইটভাটা দুটির কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। এলাকাবাসী জানান, পাঁচগাছি গ্রামে কৃষিজমিতে কেএনবি নামের ইটভাটায় পাঁচ বছর থেকে ইট পোড়ানো চলছে। আবাসিক এলাকায় এই ইটভাটা পরিবেশের জন্য হুমকি। এর পরও তাঁরা কোনো কিছু বলতে সাহস পান না।পীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক বলেন, তাঁর (শাহিদুল ইসলাম) ইটভাটার লাইসেন্স এখনো করা হয়নি। লাইসেন্স করা হলে মালিক সমিতির জানা থাকত। শাহিদুল ইসলাম বলেন, পরিবেশের ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, তিনি নতুন এসেছেন; বিষয়টি দেখবেন।পরিবেশ অধিদপ্তর রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গণি জানান, সবগুলো ইটভাটা পরিদর্শন করা হচ্ছে। যেখানে অনিয়ম রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।