রংপুরে কেডি খাল দখল করে বাড়ি নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের কেডি খাল দখল করে ভবনের নির্মাণকাজ চলছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে পৌরসভা কোতোয়ালি থানাকে বিষয়টি জানিয়েছে। পৌরসভা সূত্র জানায়, খালটি শহরের জলকরের চিকলি বিল এলাকা থেকে ইসলামপুর, হনুমানতলা, জলকর, নিউ জুমঞ্চাপাড়া, শালবন, শালবন মিস্ত্রিপাড়া, কামালকাছনা, রবার্টসনগঞ্জ, মণ্ডলপাড়া, মাহিগঞ্জ হয়ে বুড়ি তিস্তা নদীতে গিয়ে মিলেছে। শহরের উত্তর-পূর্ব এলাকার পয়োনিষ্কাশনের জন্য দেড় শ বছর আগে তত্কালীন পৌর প্রশাসক কৃষ্ণধন ঘোষ (কেডি নামে পরিচিত) প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ খালটি খনন করেন। রোববার সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার হনুমানতলা সেতুর পাশে খালের প্রায় দুই শতাংশ জায়গা দখল করে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তি ভবনের আটটি পিলার নির্মাণ করেছেন। স্থানীয় সূত্র জানায়, এপ্রিলের মাঝামাঝি সময়ে পিলার নির্মাণের কাজ শুরু হয়। এ কাজ বন্ধ করার জন্য পৌরসভা ২৩ এপ্রিল নির্মাণাধীন ওই ভবনের মালিক আজিজুল ইসলামকে চিঠি দেয়। এর পরও কাজ বন্ধ না করায় পৌরসভা ২৬ এপ্রিল ওই স্থাপনা উচ্ছেদের জন্য কোতোয়ালি থানায় একটি চিঠি দেয়। খালের সাত ফুট ভেতরে এসব পিলার নির্মাণ করা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। আজিজুল ইসলাম দাবি করেন, তাঁর নিজের জায়গায় স্থাপনা করতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ করা হচ্ছে। খালের জায়গায় তাঁর জমি রয়েছে বলে তিনি মন্তব্য করেন। পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, লোকবল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হচ্ছে না। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, ‘উচ্ছেদের উদ্যোগ পৌরসভাকেই নিতে হবে। সে ক্ষেত্রে পুলিশের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব।’