রংপুরে কোটি টাকার ভেজাল প্রসাধন সামগ্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের শাহীপাড়ায় গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনসামগ্রী উদ্ধার করেছে। ভেজাল প্রসাধনসামগ্রী তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামান ট্রেডার্সের মালিক জাকির হোসেনকে দেড় বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।পুলিশ জানায়, শাহীপাড়ার ফুলু মিয়ার বাড়ি ছয় মাস আগে ভাড়া নেন শহরের কাছারি বাজারের জামান ট্রেডার্সের মালিক জাকির হোসেন। সেখানে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু, পাউডার, বডি স্প্রে, টুথপেস্ট, অলিভ অয়েলসহ বিভিন্ন প্রসাধনসামগ্রীর প্যাকেটে নতুন লেবেল লাগিয়ে সেগুলো বাজারজাত করতেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল সকালে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় মালামালসহ তাঁকে আটক করা হয়। তাঁর বাড়ি থেকে কোটি টাকার ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনসামগ্রী ও নকল লেবেল উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের এসআই রশিদুল ইসলাম জানান, এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্যা বলেন, উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য এক কোটি টাকা।