রংপুরে খাদেম হত্যা: অভিযোগ গঠন ১৬ আগস্ট
রংপুরের বহুল আলোচিত মাজারের খাদেম রহমত আলী (৬০) হত্যা মামলার অভিযোগ গঠন হবে ১৬ আগস্ট। আজ মঙ্গলবার দুপুরে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এই দিন নির্ধারণ করেন। মামলার সরকারি কৌঁসুলি (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক এ কথা জানিয়েছেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে মাজার শরিফের খাদেম রহমত আলী বাড়ি ফেরার সময় রংপুরের কাউনিয়ার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে রহমত আলীকে হত্যা করে। এ ঘটনায় নিহত খাদেমের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার ৩৮ দিনের মাথায় খুন হন খাদেম রহমত আলী।
মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশীদ গত বছরের ৩ জুলাই জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুনসহ ১৪ জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ১৪ আসামির মধ্যে আজ আদালতে ছয়জনকে হাজির করা হয়। তাঁরা হলেন জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (৩৩), সদস্য ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া ওরফে রফিক (৩২), সাখাওয়াত হোসেন (৩০), আবু সাঈদ (৩০) ও তৌফিকুল ইসলাম ওরফে সবুজ (৩৫)। অপর তিন আসামি সারোয়ার হোসেন ওরফে সাবু ওরফে মিজান (৩০), সাদাত ওরফে রতন মিয়া (২৩) ও জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী (২৬) অন্য হত্যা মামলায় দিনাজপুর ও গাইবান্ধা কারাগারে আটক রয়েছেন। পলাতক রয়েছেন রংপুরের পীরগাছার চান্দু মিয়া (২০), বগুড়ার শাহাজানপুর এলাকার রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ওরফে বাঁধন (২৫) ও দিনাজপুরের বিরামপুর এলাকার বাবুল আখতার ওরফে বাবুল মাস্টার (৩৫)।
এ ছাড়া অভিযোগপত্রভুক্ত অপর দুই আসামির মধ্যে নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে বাইক হাসান গত বছরের ২ আগস্ট ভোরে রাজশাহীর মতিহার থানার আশরাফের মোড় এলাকায় এবং সাদ্দাম হোসেন ওরফে রাহুল ৫ জানুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
অভিযোগ গঠনের দিন গ্রেপ্তার অন্য আসামিদের আদালতে হাজির করার আদেশ দিয়েছেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক জানিয়েছেন।
খাদেম হত্যা মামলার আসামিদের মধ্যে মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক ও সাখাওয়াত হোসেনকে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গত ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দিয়েছেন রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। তাঁরা বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।