রংপুরে খাদেম হত্যা মামলার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বহুল আলোচিত মাজারের খাদেম রহমত আলী (৬০) হত্যা মামলায় ১২ জন জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সেই সঙ্গে ২৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার সরকারি কৌঁসুলি (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক।

এ মামলায় ১৪ জন আসামির মধ্যে নয়জন আজ আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা হলেন জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (৩৩), একই জঙ্গি সংগঠনের সদস্য ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া ওরফে রফিক (৩২), সাখাওয়াত হোসেন (৩০), আবু সাঈদ (৩০) ও তৌফিকুল ইসলাম ওরফে সবুজ (৩৫), সারোয়ার হোসেন ওরফে সাবু ওরফে মিজান (৩০), সাদাত ওরফে রতন মিয়া (২৩) ও জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী (২৬)। আদালতে উপস্থিত থাকা নয় আসামি নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

আসামিদের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। তাঁরা হলেন জঙ্গি সদস্য রংপুরের পীরগাছার চান্দু মিয়া (২০), বগুড়ার শাহাজানপুর এলাকার রাজীবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ওরফে বাঁধন (২৫) ও দিনাজপুরের বিরামপুর এলাকার বাবুল আখতার ওরফে বাবুল মাস্টার (৩৫)। বাকি দুজন আসামি বন্দুকযুদ্ধে মারা গেছেন। নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে বাইক হাসান গত বছরের ২ আগস্ট ভোরে রাজশাহীর মতিহার থানার আশরাফের মোড় এলাকায় এবং সাদ্দাম হোসেন ওরফে রাহুল গত ৫ জানুয়ারি রাতে ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজারের খাদেম রহমত আলীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে রহমত আলীকে হত্যা করে তারা। এ ঘটনায় নিহত খাদেমের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশীদ গত বছরের ৩ জুলাই জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রীসহ ১৪ জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

খাদেম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক ও সাখাওয়াত হোসেনকে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গত ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দিয়েছেন রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। তাঁরা বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।