গাভির দুধ বিক্রির নিশ্চয়তা, দুধের যুক্তিসংগত মূল্য নির্ধারণ, বিভিন্ন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান দফায় দফায় দুধের দাম কমানোর প্রতিবাদে ও গো-খাদ্যের দাম কমানোর দাবিতে রংপুরে গতকাল রোববার দুগ্ধ খামারিরা বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন।
রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনে দুগ্ধ উৎপাদনকারী কয়েক শ খামারি মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় সমাবেশে আয়োজক সংগঠনের আহ্বায়ক লতিফুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব আসিফুল ইসলাম, খামারি খালিদ রহমান, এমদাদুল হক, মাজেদ আলী, ইমরান হোসেন, রুকসানা বেগম, রুহুল আমিন প্রমুখ। সমাবেশ শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি থেকে জানা যায়, দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে নিম্নমানের গুঁড়ো দুধ আমদানি করে পানির সঙ্গে মিশিয়ে প্যাকেটজাত করে বিক্রি করার কারণে দিন দিন গাভির দুধের চাহিদা কমে যাচ্ছে। দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো দুধ কেনা কমিয়ে দিয়েছে। পাশাপাশি তারা দুধের ক্রয়মূল্য ইচ্ছামাফিক নির্ধারণ করছে এবং প্রায়ই দুধ সংগ্রহ বন্ধ রাখে। ফলে দুগ্ধ খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন।