রংপুরে খোলা আকাশের নিচে ৬৫ হাজার বস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বোরো মৌসুমে রংপুরে ইউরিয়া সারের ব্যবহার কমে গেছে। গতকাল সোমবার পর্যন্ত রংপুরের বাফার গুদাম থেকে ১৬ হাজার টন সার উত্তোলনের কথা থাকলেও উত্তোলন হয়েছে এর অর্ধেক। ফলে খোলা আকাশের নিচে পড়ে আছে ৬৫ হাজার বস্তা। বৃষ্টি হলেই এসব সার পানিতে গলে যাওয়ার আশঙ্কা করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।রংপুর বাফার গুদাম সূত্রে জানা গেছে, বাফার গুদামে ইউরিয়া সারের ধারণক্ষমতা পাঁচ হাজার টন। কিন্তু সেখানে ১০ হাজার টনেরও বেশি সার মজুদ রাখা হয়েছে। ধারণক্ষমতা না থাকা ও ডিলাররা সার উত্তোলন না করায় গুদামের বাইরে খোলা আকাশের নিচে পড়ে আছে ৬৫ হাজার বস্তা সার।মাঠ পর্যায়ে কৃষক ও ডিলারদের কাছ থেকে জানা গেছে, খোলাবাজারে ইউরিয়া ৯৭০ থেকে ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা প্রয়োজনের তুলনায় জমিতে কম ইউরিয়া সার প্রয়োগ করছেন। কৃষকেরা জানান, ধানের ফলন ভালো পেতে টিএসপি ও পটাশ সার বেশি দেওয়া হচ্ছে। ফলে ইউরিয়া সারের চাহিদা কমে গেছে। সারের ডিলাররা জানান, এ মৌসুমে যে পরিমাণে ইউরিয়া বিক্রি হওয়ার কথা ওই পরিমাণ বিক্রি করতে পারছেন না ডিলাররা। চাহিদা কমে যাওয়ায় বাফার গুদাম থেকে ডিলারদের সার উত্তোলন অর্ধেকে নেমে গেছে। রংপুরে ১০২ জন ডিলারের গতকাল সোমবার পর্যন্ত ১৬ হাজার টন সার উত্তোলনের কথা। কিন্তু উত্তোলন হয়েছে আট হাজার টন। ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রংপুর শাখার সভাপতি আবুল কাশেম বলেন, কৃষকদের ইউরিয়া সারের চাহিদা কমে গেছে। সেখানে এ বছর টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও পটাশ সারের চাহিদা বেড়ে যাওয়ায় তারা জমিতে এসব সার বেশি প্রয়োগ করছে। এ ছাড়া ফলন উৎপাদনে ইউরিয়া সারের চেয়ে টিএসপি ও পটাশের প্রয়োজন বেশি। এসব বিভিন্ন কারণে ডিলারদের বাফার গুদাম থেকে সার উত্তোলন কমে গেছে। রংপুরে বাফার গুদামের বাণিজ্যিক কর্মকর্তা মাহবুবুল আলম জানান, ডিলাররা সময়মতো সার উত্তোলন করলে খোলা আকাশের নিচে সার রাখার প্রযোজন হতো না। সামান্য বৃষ্টি হলে এই সারের ব্যাপক ক্ষতি হবে বলে তিনি মন্তব্য করেন।