রংপুরে গরমে থমকে গেছে জীবনযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যান্য স্থানে কমবেশি বৃষ্টিপাত হলেও রংপুরে প্রচণ্ড দাবদাহে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাটে লোকজনের চলাচল কমে গেছে। তপ্ত রোদে দিনমজুর, রিকশাচালকেরা জীবনের তাগিদে পথে নামলেও কাহিল হয়ে পড়েছেন।
নগরে শ্রমের বাজার বলে পরিচিত কেন্দ্রীয় বাস টার্মিনাল, কেরানীপাড়া চারমাথা মোড়, ধাপ শিমুলবাগ, বেতপট্টি, রেলওয়ে স্টেশন, মাহিগঞ্জ সাতমাথা, লালবাগ এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সরেজমিনেদেখা গেছে, লোকজনের উপস্থিতি অন্য দিনের তুলনায় অনেক কম। এসব স্থানে প্রতিদিন ৩০০-৩৫০ দিনমজুর জড়ো হন কাজের সন্ধানে। সেখানে সব মিলিয়ে গতকাল ৫০-৬০ জন দিনমজুর চোখে পড়ে। এই অবস্থা ১০ দিন ধরে।
এদিকে শহরের সড়কগুলোয় রিকশা চলাচলের সংখ্যাও অনেক কমে গেছে। যেখানে রাস্তাগুলোয় রিকশা আর অটোরিকশার যানজট লেগে থাকত। কিন্তু গতকাল এ দৃশ্য খুব একটা চোখে পড়েনি।
মেডিকেল মোড় এলাকায় রিকশাচালক বুলু মিয়া বলেন, ‘এত রোইদ। রিকশা চালা খুব কষ্ট হয়া গেইছে।’
অন্য একজন রিকশাচালক এজাজুল বলেন, ‘একটানা রিকশা চালবার পাই না বলিয়া এই গরমোত হামারগুলার আয় রোজগারও কমি গেইছে।’
অন্যদিকে শহরের বেতপট্টি এলাকায় সকাল নয়টায় আটজন দিনমজুরকে বসে থাকতে দেখা যায়। তাঁরা বলেন, প্রচণ্ড রোদে তাঁরা কাজে নামতে পারছেন না। তেমন একটা কাজও পাওয়া যাচ্ছে না। এত রোদ ও গরম না থাকলে এখান থেকে প্রতিদিন ৬০-৭০ জন দিনমজুর শহরের বাসাবাড়িতে কাজে যান।
এ সময় কথা হয় নগরের খটখটিয়া এলাকার দিনমজুর সাইদুল ইসলামের (৫০) সঙ্গে। তিনি বলেন, ‘একটা কাজ আছলো। এত রইদ (রোদ) দেখিয়া আর কামোত গেনু না। কয়েকজন চেনা মাইনষের (মানুষ) কাছোত হাত পাতা নাগবে। ওমারগুলার কাছোত কয়টা টাকা নিয়া চাউল কেনমো।’
রংপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এক মাস ধরে রংপুরের তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রির ওপরও উঠছে। বৃষ্টিও নেই। এ সময় বৃষ্টি ও আকাশ মেঘলা না থাকায় রোদের তাপ অনেক প্রখর। এই অবস্থা আরও কয়েক দিন চলতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে।