রংপুরে গুরুত্বপূর্ণ তিন সড়কে খানাখন্দ
রংপুর নগরের গুরুত্বপূর্ণ তিনটি সড়কে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কগুলো হলো বাস টার্মিনাল থেকে শাপলা ও শাপলা থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত আড়াই কিলোমিটার এবং সিও বাজার থেকে বানিয়াপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন সড়ক তিনটির কার্পেটিং উঠে যাওয়া ও অনেক স্থানে খানাখন্দ হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এই তিনটি গুরুত্বপূর্ণ সড়ক।
সিটি করপোরেশন থেকে জানা যায়, সাবেক মেয়র এ কে এম আবদুর রউফের আমলে ২০১২ সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শাপলা মোড় পর্যন্ত দেড় কিলোমিটার ও শাপলা মোড় থেকে রেলওয়ে স্টেশন ও তাজহাট বাবুপাড়া পর্যন্ত এক কিলোমিটার সড়ক দুটি ৫০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়।
সরজেমিনে দেখা যায়, বাস টার্মিনাল থেকে রেলওয়ে স্টেশন রোড পর্যন্ত সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গেছে। কিছু কিছু স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বাস টার্মিনাল থেকে ১০০ গজ দূরে, গণেশপুর, মুলাটোল, পাকারমাথা, ঢাকা বাসস্ট্যান্ড, গুড়াতিপাড়া এবং শাপলা মোড় থেকে রেলওয়ে স্টেশনে যেতে সড়কের নূরপুর, আলমনগর, কলোনিসহ আরও কিছু এলাকায় খানাখন্দ হয়েছে।
রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, তড়িঘড়ি করে সংস্কার করায় কাজ একেবারে নিম্নমানের হয়েছে। তাই সংস্কারকাজের পর থেকে এই সড়ক দুটি ধসে যাওয়ার উপক্রম হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সিও বাজার থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের পাশ দিয়ে বানিয়াপাড়া যেতে প্রায় দেড় কিলোমিটার সড়কটিতে যানবাহন চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এই সড়কের পুরোটারই কার্পেটিং ও ইট উঠে গেছে। সেই সঙ্গে ছোট-বড় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে।
বানিয়াপাড়া এলাকার চিকিৎসক আলেমুল বাশার বলেন, অনেক রাস্তা সংস্কার হয়েছে। কিন্তু এই রাস্তাটি ভালো করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন বলেন, সামান্য একটি রাস্তা বছরের পর বছর ধরে ভালো হয় না।
এই এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম কবির বলেন, ‘চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই সড়কের বেহাল দশা দূর করতে।’
মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু বলেন, সাবেক মেয়রের আমলে অনেক রাস্তার কাজ নিম্নমানের হওয়ায় কার্পেটিং উঠে গেছে। প্রতিটি রাস্তার সংস্কারকাজ আবার হবে; যা কিছু কিছু ইতিমধ্যে শুরু হয়েছে।