রংপুরে গ্রাম থিয়েটারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ স্লোগানে গতকাল শুক্রবার রংপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ গ্রাম থিয়েটারের বিভাগীয় সম্মেলন।
শহরের টাউন হল চত্বরে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব মীর আলতাফ আলী। প্রধান অতিথি ছিলেন গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। সম্মেলন উপলক্ষে বিকেলে শহরে আনন্দ শোভাযাত্রা বের হয়।
টাউন হলসংলগ্ন পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত অনুষ্ঠানে আবৃত্তি, বাউল গান, গীতিনাট্য, লোকনৃত্য, নাটক, লোকসংগীত, লোকপালা, গম্ভীরা গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাসান, প্রবীণ নাট্যব্যক্তিত্ব মনোয়ার হোসেন, সাখাওয়াত রাঙা, রথিশ চন্দ্র ভৌমিক, কাজী মো. জুননুন, শাশ্বত ভট্টাচার্য, রাজ্জাক মুরাদ প্রমুখ।
সম্মেলনে রংপুর থিয়েটারের সভাপতি ও সাংসদ হোসনে আরা লুৎফা, গোবিন্দগঞ্জ অগ্নিবীণা থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সাংসদ আবুল কালাম আজাদ, প্রবীণ লোকশিল্পী মালতি রানীকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।