রংপুরে গ্রেপ্তার চারজনের চার দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাতীয় পার্টির নেতা এস এম ইয়াসিরকে হত্যাচেষ্টার ঘটনায় চারজনকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার করা চারজন হলেন, নগরের গণেশপুর এলাকার আকাশ মিয়া (২৫), একই এলাকার রেজাউল করীম বাদল (৩৫), পালপাড়া এলাকার আমিনুল ইসলাম শুভ (২৬) এবং সাতগাড়া এলাকার নূর হোসেন সজল (২৩)।

আজ দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। আসামিদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। কিন্তু আদালত চার দিন মঞ্জুর করেন।​

১৫ জানুয়ারি মুন্সিপাড়া কবরস্থানে বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে মুন্সিপাড়া এলাকায় মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এস এম ইয়াসিরকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর জখম করে। তিনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। এই হামলার প্রতিবাদে রংপুর জাতীয় পার্টি ২১ জানুয়ারি (আজ) হরতালের ঢাকা দেয়।

এরই পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে সর্বাত্মক হরতাল শুরু হয়। এ সময় শহরে ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। দূরপাল্লার কোনো যানও শহর ছেড়ে যায়নি। রংপুর রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন যাওয়া-আসাও করেনি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম ছিল। শহরের ব্যাংক-বিমাসহ আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকতে দেখা যায়।
তবে চারজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হলে জাতীয় পার্টি মাইকিং করে হরতাল দুপুর দুইটায় শিথিল করে। ফলে দুপুরের পর থেকে নগরের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসে।