রংপুরে চলছে ভাষা প্রতিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম। ছবি: মঈনুল ইসলাম
জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম। ছবি: মঈনুল ইসলাম

রাতভর বৃষ্টি ছিল। সকাল ছয়টা পর্যন্ত চলে সেই বৃষ্টি। এর পর বৃষ্টি থামলেও আকাশে ছিল ঘন কালো মেঘ। যেন আবার বৃষ্টি নামবে। তবে সকাল আটটার দিকে বদলে গেল পরিবেশ। শিক্ষার্থীদের আসা শুরু হলো। মেঘও কেটে যেতে লাগল। শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে উঠল স্কুল প্রাঙ্গণ। সকাল নয়টা ২০ মিনিটে শুরু হলো ভাষা প্রতিযোগ। এবারের আয়োজন রংপুরে। 

আজ শুক্রবার রংপুর জিলা স্কুলের মাঠে জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর রংপুর আঞ্চলিক উৎসব।
প্রথম আলোর বন্ধুসভার বন্ধুদের গাওয়া জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান। ভাষা প্রতিযোগের পতাকা তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম। এর পর বেলুন ওড়ানো হয়।

বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। ছবি: মঈনুল ইসলাম
বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। ছবি: মঈনুল ইসলাম


সকাল নয়টা ৪৫ মিনিটে শুরু হয় পরীক্ষা। চলবে ৪০ মিনিট। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে চার ক্যাটাগরিতে এ পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে রয়েছে প্রশ্নোত্তর পর্ব। সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন শিক্ষাবিদেরা। এই প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করবেন ভাষা প্রতিযোগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর।

উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাহেল রাজীব, একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশীদ এবং প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ।

রংপুর বিভাগের আট জেলার (পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা) ১০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৬০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। আজকের উৎসবে চার ক্যাটাগরিতে ১৫ জন করে ৬০ জন বিজয়ী হবেন। তারা জাতীয় উৎসবে অংশ নেবে।
এ বছরের সর্বশেষ আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে ৫ জুন, ঢাকায়। ঢাকার উৎসবে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধন চলছে। শিক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও নিবন্ধন করতে পারবে।

পরীক্ষার আসন খুঁজতে ব্যস্ত শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম
পরীক্ষার আসন খুঁজতে ব্যস্ত শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম