রংপুরে চাঁদাবাজির অভিযোগে এবার র্যাব সদস্য গ্রেপ্তার
রংপুরে ভারতীয় নাগরিকের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে এবার র্যাবের এক কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম আবুল হোসেন। গত বৃহস্পতিবার রাতে তাঁকে র্যাব কর্তৃপক্ষ গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।একই ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন গ্রেপ্তার হন।মামলার উদ্ধৃতি দিয়ে তদন্ত কর্মকর্তা নূরে আলম জানান, ভারতীয় নাগরিক আতিকুর রহমান গত মাসে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য রংপুর পাসপোর্ট কার্যালয়ে যান। রাকিব নামে পাসপোর্ট অফিসের এক দালাল আতিকুরকে পুলিশ ও র্যাব সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তিনি তাঁদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা তাঁর (ভারতীয় নাগরিক) কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে না পারলে তাঁকে গ্রেপ্তারের হুমকি দেন। তিনি বাধ্য হয়ে তাঁদের এক লাখ টাকা দিয়ে দেন। এরপর এ অভিযোগে তিনি মামলা করেন।নূরে আলম বলেন, এ ঘটনার সঙ্গে পুলিশের এএসআই নাসিরসহ র্যাবের একজন উপপরিদর্শক (নাম প্রকাশে অনিচ্ছুক) ও কনস্টেবল আবুল হোসেন জড়িত বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। মামলার পর পাসপোর্ট অফিসের দালাল রাকিবকে গ্রেপ্তার করা হয়।