রংপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশের এএসআই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ভারতীয় এক নাগরিকের কাছ থেকে এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম নাসির উদ্দিন। গতকাল বৃহস্পতিবার পুলিশ লাইন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।কোতোয়ালি পুলিশ সূত্রে জানা যায়, আতিকুর রহমান নামের ভারতীয় এক নাগরিক গত ২৩ জানুয়ারি এএসআই নাসিরের বিরুদ্ধে এক লাখ টাকার চাঁদাবাজির মামলা করেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়।মামলার উদ্ধৃতি দিয়ে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নূরে আলম বলেন, ভারতীয় ওই নাগরিক আতিকুর রহমান গত মাসে পাসপোর্টের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য রংপুর পাসপোর্ট অফিসে যান। পাসপোর্ট অফিসের রাকিব নামের এক দালাল আতিকুরকে গোয়েন্দা পুলিশের এএসআই নাসিরের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তিনি এএসআইয়ের সঙ্গে যোগাযোগ করলে এএসআইসহ আরও কয়েকজন তাঁকে শহরের গুপ্তপাড়ার একটি হোটেলে নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে না পারলে তাঁকে মামলা দিয়ে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। তিনি বাধ্য হয়ে তাঁকে এক লাখ টাকা দিয়ে দেন। এরপর রাতেই এ অভিযোগে তিনি মামলা করেন। মামলার পর পাসপোর্ট অফিসের দালাল রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার প্রথম আলোকে বলেন, তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। গতকাল তাঁকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।