রংপুরে চাকরিপ্রার্থীদের জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তোলে পরীক্ষা বাতিলের দাবিতে গতকাল বুধবার চাকরিপ্রার্থী ও অভিভাবকেরা জেলা প্রশাসকের কার্যালয় দুই ঘণ্টা ঘেরাও করে রাখেন। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ লাঠিপেটা করে। এতে ১০ জন আহত হন।গতকাল দুপুর ১২টায় ক্ষুব্ধ চাকরিপ্রার্থী ও অভিভাবকেরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে আসেন। এ সময় তাঁরা সড়কসংলগ্ন প্রধান ফটকে পুলিশি বাধা পেরিয়ে কার্যালয় চত্বরে ঢুকে পড়েন। এরপর বিক্ষোভকারীরা জেলা প্রশাসক ভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান এবং জাতীয় পার্টির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা ‘এরশাদ তুমি এগিয়ে চলো, রংপুরবাসী তোমার সাথে’, ‘এমপি আসিফ জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দেন। মিছিলের নেতৃত্বে জাতীয় পার্টির কয়েকজন নেতা ছিলেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।বেলা দুইটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ চলতে দেখা যায়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের সরে যাওয়ার কথা বললে তাঁরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। পুলিশ তাঁদের লাঠিপেটা করেন। এতে ১০ জন আহত হন।জানা গেছে, গত শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে ৮৪টি পদে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রায় সাত হাজার পরীক্ষার্থী অংশ নেন। লিখিত পরীক্ষার ফলাফল ৪২৫ জনের একটি তালিকা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টাঙিয়ে দেওয়া হয়।বিক্ষোভকারীদের মধ্যে রংপুর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি সামসুল হক বলেন, লিখিত পরীক্ষায় স্বজনপ্রীতি করে তাঁদের নিজস্ব লোকজনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে।রংপুর-১ আসনের জাতীয় পার্টির সাংসদ ও দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার বলেন, এই পরীক্ষায় সূক্ষ্মভাবে ব্যাপক অনিয়ম হয়েছে বলেই এলাকার চাকরিপ্রার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ করেছেন। তবে এই বিক্ষোভের সঙ্গে তিনি জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।বিক্ষোভ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মুঠোফোনে বলেন, এই আন্দোলনের সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পরীক্ষা নিয়োগ কমিটির প্রধান মাসুদ করিম সাংবাদিকদের জানান, কর্মচারী নিয়োগের পরীক্ষা লিখিতভাবে নেওয়া হয়েছে। কোনো অনিয়ম হয়নি।