রংপুরে চার দিন পর শ্রমিকের লাশ উদ্ধার
রংপুরের বদরগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের চার দিন পর শ্রমিক মাসুদ রানার (১৫) জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে রংপুর নগরের দক্ষিণ মমিনপুরের শাহবাজপুর কলার খামার মাঠ থেকে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নিহত মাসুদ রানা বদরগঞ্জের কিশামত বসন্তপুর গ্রামের প্রয়াত রবিউল ইসলামের ছেলে। সে নিজের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে শ্রমিকের কাজ করত। তবে তিন মাস ধরে সে বাড়িতেই ছিল।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, মাসুদ রানার সঙ্গে একই গ্রামের আলমগীর হোসেনের (২২) বন্ধুত্ব সম্পর্ক ছিল। ১৮ জানুয়ারি বিকেলে তারা স্থানীয় শ্যামপুর বাজারে ঘোরাঘুরি করে। ওই দিন থেকে মাসুদ রানা নিখোঁজ হয়। ২০ জানুয়ারি আলমগীরের বন্ধু শ্যামপুর বাবুপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানকে (২২) শ্যামপুর বাজারে আটক করে জিজ্ঞাসাবাদ করেন মাসুদের পরিবারের লোকজন। তাঁরা মোস্তাফিজকে দিয়ে আলমগীরের মুঠোফোনে ফোন করান। তাঁদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় এলাকার লোকজন মোস্তাফিজুরকে আটক করে পুলিশে দেন।
ওই দিনই মাসুদের মা মছুফা বেগম ছেলেকে অপহরণের অভিযোগ এনে আলমগীর ও মোস্তাফিজুরকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা করেন।
পুলিশ জানায়, বুধবার বিকেলে দক্ষিণ মমিনপুরের শাহাবাজপুর কলার খামার মাঠে মাসুদ রানার জবাই করা লাশ পাওয়া যায়। খবর পেয়ে রংপুর কোতোয়ালি ও বদরগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
মাসুদের মা মছুফা বেগম অভিযোগ করেন, অপহরণের পর আলমগীর ও মোস্তাফিজুর বিভিন্নভাবে তাঁদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দেওয়ায় তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।
তবে মামলার তদন্ত কর্মকর্তা বদরগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম বলেন, মাসুদ রানার পরিবার খুবই গরিব। তাকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনাটি যুক্তিযুক্ত নয়। অন্য কোনো কারণে মাসুদ রানাকে হত্যা করা হতে পারে। তবে আসামি আলমগীরের অতীত কর্মকাণ্ড ভালো নয়। তিনি এলাকায় চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।