রংপুরে চার দিনে ৩২ মোটরসাইকেলচুরি
রংপুর নগরে চার দিনে ৩২টি মোটরসাইকেল চুরি হয়েছে। এর মধ্যে গত শুক্রবার এক দিনেই ১১টি চুরি হয়। এ ঘটনায় মালিকেরা চিন্তিত হয়ে পড়েছেন।
জানা যায়, গত বুধবার থেকে শনিবার পর্যন্ত ৩২টি মোটরসাইকেল চুরি হয়েছে। গত শুক্রবার নগরের প্রেসক্লাব মার্কেট, জেলা পরিষদ সুপার মার্কেট, সেন্ট্রাল রোড, জাহাজ কোম্পানি মার্কেট, মোতাহার কমপ্লেক্স ভবন, কাচারি বাজার, ডেন্টাল কলেজসহ বিভিন্ন স্থান থেকে ১১টি মোটরসাইকেল চুরি হয়।
নিজের মোটরসাইকেল চুরি হওয়ার পর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার রহমান জানান, মোটরসাইকেল রেখে একটু এখানে-ওখানে যাবেন, তারও কোনো উপায় নেই।
রংপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মোটরসাইকেল চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। রংপুর কোতোয়ালি থানার ওসি শাহাবুদ্দিন খলিফা জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।