রংপুরে চার লেন সড়ক প্রশস্তকরণ কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের চার লেন সড়ক প্রশস্তকরণ কাজ শুরুর এক বছর পর তা বন্ধ হয়ে গেছে। ভূমি অধিগ্রহণ এবং বৈদ্যুতিক ও টেলিফোনের সংযোগ লাইনের খুঁটি অপসারণের জন্য বরাদ্দ না থাকায় এ কাজ বন্ধ রাখা হয়েছে।এদিকে এক বছরের অধিক সময়ে চার ভাগের এক ভাগ কাজও শেষ হয়নি। আর কাজ করা অংশে বর্তমানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় তা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, রংপুরকে বিভাগ ঘোষণার পর ২০১১ সালের ২০ মার্চ থেকে শহরের মেডিকেল মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে মডার্ন মোড় ও মডার্ন মোড় থেকে শহরের ভেতর দিয়ে কলেজ রোড এবং শাপলার মোড় হয়ে আবার মেডিকেল মোড় পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক চার লেনে প্রশস্তকরণের কাজ শুরু হয়। কাজের উদ্বোধন করেন সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন। প্রকল্পের ব্যয় ধরা হয় ৭৮ কোটি টাকা। তিনটি কিস্তিতে এ অর্থ ব্যয় করার কথা। এরই মধ্যে ২১ কোটি টাকা ব্যয় হয়েছে। এখন সড়ক প্রশস্তকরণের কাজ করতে গেলে জমি অধিগ্রহণ এবং বৈদ্যুতিক ও টেলিফোনের সংযোগ লাইনের খুঁটি সরাতে হবে। কিন্তু এ খাতে কোনো অর্থ বরাদ্দ নেই। এ কারণে মাঝপথে কাজ বন্ধ হয়ে গেছে।সরেজমিনে দেখা গেছে, শহরের মেডিকেল মোড় থেকে বাস টার্মিনাল হয়ে মডার্ন মোড় পর্যন্ত প্রায় আট কিলোমিটার বাইপাস সড়ক প্রশস্তকরণের কাজ করা হলেও অধিকাংশ স্থানে ছোট-বড় অনেক গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।সওজ সূত্র জানিয়েছে, পৌর বাজার থেকে শাপলা মোড় পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের দুই পাশে প্রায় ৫০০ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। ৬৫ ফুট প্রশস্ত সড়কের নির্মাণকাজ করতে হলে এসব স্থাপনার কিছু অংশ ভেঙে ফেলতে হবে। এরই মধ্যে জেলা প্রশাসক এসব স্থাপনার মালিকদের চিঠি দিয়েছেন। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই। এ ছাড়া সড়ক প্রশস্তকরণে সহস্রাধিক বৈদ্যুতিক ও টেলিফোনের সংযোগ লাইনের খুঁটি অপসারণ করা সম্ভব হয়নি। এ খাতে টাকা বরাদ্দ না থাকায় সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তাই কাজ শুরু হওয়ার এক বছর পর নতুন করে ৩২ কোটি টাকার বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে।সওজের রংপুর কর্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম জানান, ৭৮ কোটি টাকার মধ্যে জমি অধিগ্রহণ ও বিদ্যুতের খুঁটি সরানোর জন্য কোনো বরাদ্দ ছিল না। এ কারণে কাজ শুরু করার পর এখন সমস্যা দেখা দিয়েছে।রংপুর থেকে সম্প্রতি বদলি হয়ে যাওয়া জেলা প্রশাসক বি এম এনামুল হক জানান, জমি গ্রহণের জন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় জমি অধিগ্রহণ করে স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি।