রংপুরে চার লেন সড়কের উদ্বোধন করলেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে গতকাল রোববার সকালে চার লেনবিশিষ্ট সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। পরে তিনি কাউনিয়া উপজেলায় যান এবং তিস্তা সড়ক সেতু নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ রংপুর কার্যালয় সূত্র জানায়, শহরের সড়কগুলো চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৮ কোটি টাকা। জাপান ডেবিট ক্যানসেরেশন ফান্ড ৪০ কোটি টাকা দেবে। আর বাকি টাকা সরকার স্থানীয় খাত থেকে জোগান দেবে। প্রায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। মডার্ন মোড় থেকে শহরের ভেতর দিয়ে ও বাইপাস দিয়ে মেডিকেল মোড় পর্যন্ত এ দুটি সড়ক প্রশস্ত হবে ৫০ ফুট। বর্তমানে সড়ক দুটি প্রশস্ত আছে ২২ থেকে ২৫ ফুট। এদিকে সড়কের দুই ধারে অনেক স্থাপনা রয়েছে। এসব স্থাপনার মধ্যে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ভবন রয়েছে। এসব জমির পরিমাণ সাড়ে সাত একর। এ জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে সাড়ে সাত কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।কাউনিয়ায় এসে যোগাযোগমন্ত্রী বলেন, ‘বার বার সময় বৃদ্ধি করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি। মানুষকে আর দুর্ভোগে ফেলবেন না। আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ করবেন। এই সময়ের মধ্যে কাজ শেষ করতে না পাড়লে জামানতের শতকরা ১০ ভাগ টাকা কর্তন করা হবে।’ গতকাল তিস্তা সড়ক সেতু নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী গতকাল সকালে ঢাকা থেকে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি তিস্তা সড়ক সেতুর নির্মাণকাজের অগ্রগতি ও রেলওয়ে সেতু পরিদর্শন করেন।