রংপুরে চাহিদা বেড়েছে হাতে তৈরি স্যান্ডেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে রংপুরে হাতে তৈরি চামড়ার চটি স্যান্ডেল ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। গুণমান এবং সেই সঙ্গে দাম কম ও টেকসই হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে এ স্যান্ডেল।

নগরের জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর ও স্টেশন এলাকায় এসব স্যান্ডেল বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে। স্যান্ডেল কিনতে শিশু, বৃদ্ধসহ সব বয়সের মানুষ ভিড় করছেন। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের লোকজন এ স্যান্ডেলের ক্রেতা হলেও মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও ঝুঁকছেন এসব স্যান্ডেল কিনতে।

এসব স্যান্ডেল প্রকারভেদে ২৫০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। নগরের জাহাজ কোম্পানি মোড়, গতকাল শুক্রবার সকাল থেকে পায়রা চত্বর এলাকায় ছোট ছোট কয়েকটি দোকানে স্যান্ডেল কিনতে ক্রেতাদের ভিড় লক্ষ করা যায়।

শহরের জাহাজ কোম্পানি মোড়ে ফিরোজ শু স্টোরে সন্তান ও নিজের জন্য স্যান্ডেল কিনতে এসেছেন সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘প্রতি ঈদেই নিজের ও সন্তানের জন্য এই স্যান্ডেলই কিনে থাকি। স্থানীয়ভাবে তৈরি এসব চটি স্যান্ডেল গুণেমানে ভালো।’

নগরের হাবিব বুট হাউসের মালিক রফিকুল ইসলাম বলেন, দর্শকদের চাহিদা অনুযায়ী চটি স্যান্ডেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। দাম কম হওয়ায় প্রতিদিন বিক্রিও ভালো হচ্ছে। এসব দোকানে স্যান্ডেল সরবরাহ করতে হাতে তৈরি স্যান্ডেল তৈরির ছোট ছোট কারখানাও গড়ে উঠেছে নগরের দর্শনা, রেলওয়ে স্টেশন এলাকা, জম্মাপাড়া, হনুমানতলা, বেতপট্টি এলাকাসহ বিভিন্ন স্থানে।

এসব স্যান্ডেলের কারখানার মালিকেরা বলেন, স্যান্ডেল তৈরি করতে যেসব জিনিস প্রয়োজন, তা স্থানীয় বাজার থেকে তাঁরা কিনে থাকেন। চামড়া, চামড়ার আস্তর, ফাইবার, ইনসোল, রেক্সিন, সোল ও আঠার সমন্বয়ে এসব স্যান্ডেল তৈরি করা হচ্ছে।