রংপুরে ছাত্রলীগ নেতা ছুরিকাহত, গ্রেপ্তার ৬
রংপুরে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান (২৫) গত শনিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। এ হামলার অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত একজন নেতাসহ ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় জেলা ছাত্রলীগের সদস্য আতিকুল হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। আহত রাকিবুলের স্বীকারোক্তি অনুযায়ী, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউনিয়া উপজেলা থেকে গতকাল সকাল ১০টার দিকে ওই ছয়জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের আলমনগর খামার এলাকার কারমাইকেল কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রনেতা (সাবেক সাংগঠনিক সম্পাদক) জাবেদ আহমেদ (২৫), একই এলাকার সাকির হোসেন (২৪), শহরের নিউ সেনপাড়ার পুতুল মিয়া (২৫), কাউনিয়ার শাহবাজ এলাকার সাইদুর রহমান (২২), পীরগাছার ইটাকুমারির লিটন মিয়া (২৫) ও নগরের মাহিগঞ্জের আরিফুল ইসলাম (২৫)।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান, রাকিবুল হাসান শনিবার রাত সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে করে দু্ই বন্ধুসহ পার্কের মোড়ের নিজ বাড়ি ফিরছিলেন। পথে শহরের দর্শনা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাঁদের আটকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে রাকিবুলের হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা দুজন ভয়ে দ্রুত এলাকা থেকে সরে যান। হামলার সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তিনি বর্তমানে হাসপাতালের ১৪ নম্বর সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল হাসান বলেন, ‘দুর্বৃত্তরা ছাত্রলীগের সঙ্গে যুক্ত নয়। গত মে মাসে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাবেদ আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। পূর্বশত্রুতার জের ধরেই সে (জাবেদ) এ ঘটনা ঘটিয়েছে।’