রংপুরে ছাত্রীর ওপর এসিড নিক্ষেপকারীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের সেনপাড়ায় অবস্থিত সমাজকল্যাণ বিদ্যাবীথি স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্রী মাসুদা আক্তারের ওপর এসিড ছুড়ে মারার ঘটনায় অভিযুক্ত আরিফুল ইসলামের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার প্রথম আলো এসিড সহায়ক তহবিলের সহায়তায় ও বন্ধুসভার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।বেলা তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মো. জুননুন, লেখক ও সাহিত্যিক এম এ বাশার, সাহিত্যিক শান্ত নুরুননবী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবুল কাশেম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া কবির, সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরামের হুমায়ুন কবির, কারমাইকেল কলেজের শিক্ষার্থী প্রিয়াংকা ঘোষ, বন্ধুসভার নাজমুল আলম, পার্থ প্রতিম, প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক।বক্তারা অবিলম্বে আরিফুল ইসলামকে গ্রেপ্তারের দাবি জানান। সেই সঙ্গে এসিড বিক্রির ক্ষেত্রে সরকারি আইন প্রণয়ন ও এর ব্যবহার নিয়ে পুলিশি নজরদারি জোরদার করার দাবি জানানো হয়।রংপুর নগরের দক্ষিণ বাবুখাঁ এলাকায় সোমবার রাত ১১টার দিকে মাসুদা আক্তারের ওপর এসিড নিক্ষেপ করা হয়। এতে তার মুখমণ্ডল, ডান হাত, বুক ও পিঠ ঝলসে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় এসিড সারভাইভার্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার তাকে দেখতে হাসপাতালে যান।মাসুদা আক্তারের মা সুলেখা বানু অভিযোগ করেন, ‘আমরা হইলাম গরিব মানুষ। কষ্ট করি মেয়েটাক পড়াশোনা করাইতেছি। বিয়ের বয়স না হইতে পাশের বাড়ির আরিফ তাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার মেয়ের ওপর এসিড ছুড়ে মারে।’রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, সন্ত্রাসী ও এসিড নিক্ষেপকারী আরিফকে গ্রেপ্তারের জোর চেষ্টা চালানো হচ্ছে।