রংপুরে জনমনে আতঙ্ক বাস আছে, যাত্রী কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহর থেকে আন্তজেলা বাস চলাচল করলেও যাত্রীর সংখ্যা কম। অবরোধ ও হরতালে হওয়া নানা নাশকতার কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
রংপুর শহরের মেডিকেল মোড়ে গতকাল বুধবার সকাল ১০টার দিকে গিয়ে দেখা যায়, মহাসড়কের পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ১৪টি যাত্রীবাহী মিনিবাস। দিনাজপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়সহ আরও কিছু এলাকায় এসব বাস চলাচল করছে।
বাসের হেলপার ও চালকদের সঙ্গে কথা বলা জানা যায়, মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা থাকায় বাসের যাত্রী একেবারে কমে গেছে। অথচ অন্য সময় হলে বাসে উঠতে হুড়োহুড়ি করতে হয়। দাঁড়িয়ে থাকা এসব গাড়ির সামনে পুলিশি পাহারা রয়েছে। এক ঘণ্টার উপস্থিতিতে দিনাজপুরের উদ্দেশে মাত্র একটি বাস ছেড়ে যায়। এতে যাত্রী ছিল মাত্র ২৫ জন।
যাত্রীদের মধ্যে দিনাজপুরের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘গত কয়েক দিন হলো রংপুরে আটকা পড়েছি। একটি জরুরি প্রয়োজনে চার দিন আগে রংপুরে এসেছিলাম ট্রেনে। বাড়িতে যে যাব, এ জন্য আত্মীয়স্বজনসহ সবাই নিষেধ করছিল। কিন্তু শেষমেশ উপায় না পেয়ে বাসেই যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’
একই দৃশ্য দেখা গেছে শহরের মডার্ন মোড়েও। সেখান থেকে বগুড়া, রাজশাহী, পাবনাসহ অন্য জেলায় চলাচলের জন্য কিছু বাস রয়েছে। দুপুর ১২টার দিকে আটটি যাত্রীবাহী মিনিবাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একসঙ্গে কয়েকটি বাসে যাত্রী হলে তবেই বাস ছাড়া হবে বলে বাসচালক মুকুল মিয়া বললেন।
সেখানে আধা ঘণ্টা অবস্থান করে দেখা যায়, অল্প কিছু যাত্রী নিয়ে গাইবান্ধা ও বগুড়ার উদ্দেশে দুটি বাস পুলিশি পাহারায় ছেড়ে যায়।
পলাশবাড়ীর একজন যাত্রী রহমত আলী বলেন, ‘উপায় নেই। সেখানে কোনো ট্রেন লাইন নেই। ট্রেন থাকলে বাসে যেতাম না।’
জেলা পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক বলেন, শহরের মেডিকেল মোড়, মডার্ন মোড় ও সাতমাথা এলাকা থেকে বিভিন্ন জেলায় বাস চলাচলে পুলিশের পাহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাসমালিকেরা বলেন, দিনের বেলা কিছু বাস চলাচল করলেও ঝুঁকি এড়াতে রাতে বাসের যাত্রীর সংখ্যা একেবারে কমে যায়।