রংপুরে জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের কর্মসূচি পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন সংগঠনটির পাঁচজন সদস্য। পুলিশ চারজনকে আটক করেছে।

ভেজাল, অপ্রয়োজনীয় ও নিম্নমানের ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ, খাদ্যে ফরমালিন ব্যবহার বন্ধ, ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ কমিশন বন্ধসহ ছয় দফা দাবিতে তাদের এই বিক্ষোভ সমাবেশ ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান সড়কে একাধিক মাইক লাগিয়ে জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের ব্যানারে সমাবেশের প্রচারণা চালানো হয়। কিন্তু আয়োজকদের কাছে সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ মাইকের ব্যাটারি খুলে নিয়ে যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনের একটি বি‌ক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়। এ সময় সংগঠনের ক্ষুব্ধ নেতা-কর্মীরা প্রধান সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। এতে আহত হন সংগঠনের কর্মী টটুল আহমেদ, মুনির হোসেন, সৌধসহ পাঁচজন।
আটক করা হয় সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, সংগঠনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মিলন রায়, একই শাখার সদস্য সুমন চন্দ্র পাল ও কারমাইকেল কলেজ শাখার সদস্য খায়রুল হোসেনকে।

সংগঠনের সভাপতি শহিদার রহমান বলেন, ‘ন্যায়সংগত দাবি জানিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে বি‌ক্ষোভ সমাবেশ ছিল। কিন্তু পুলিশ করতে দেয়নি। আমাদের গণতান্ত্রিক অধিকার আছে। আমরা তো কোনো সহিংস ঘটনাও ঘটাতে যাইনি। বিনা কারণে আমাদের সমাবেশ পণ্ড করে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, একাধিক সরকারি অফিসের সামনে মাইক লাগিয়ে বক্তৃতা দেওয়ায় কাজকর্মে অসুবিধা হওয়ায় তাঁদের মাইক বন্ধ করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা কথা না শোনায় মাইকের ব্যাটারি খুলে নেওয়া হয়। এরপর প্রধান সড়ক অবরোধে জনগণের চলাচলে অসুবিধা সৃষ্টি করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, সংগঠনের ক্ষুব্ধ কর্মীরা পুলিশের ওপর মারমুখী হওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।