রংপুরে জমি নিয়ে সংঘর্ষ আহত ২০, আটক ৯০
রংপুর শহরের ক্যাডেট কলেজের সামনে আশরতপুর এলাকায় গতকাল বুধবার জমির বিরোধকে কেন্দ্র করে বিবদমান দুটি পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫টি কাঁদানে গ্যাস ছোড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ ৯০ জনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে শাহজাহান আলীর বাড়িতে হামলা চালায় রেজাউল করিমের লোকজন। ওই বাড়ির একটি টিনের চালাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্য ঘরের মালামাল বাড়ির লোকজন সরিয়ে ফেলে। এ সময় তারা এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকে। এ অবস্থায় শাহজাহান আলীর লোকজন জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে পাল্টা ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়; চলে দুই ঘণ্টাব্যাপী। একপর্যায়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও ২৫টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনায় আহত হয় ২০ জন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, রেজাউল করিমের বাড়ি থেকে যুবলীগ, ছাত্রলীগ ও মোটরশ্রমিক লীগ লেখা মাথায় মোড়ানো দেড় শতাধিক কাপড় উদ্ধার করা হয়। ধনুক পাওয়া না গেলেও ছয়টি তীর পাওয়া গেছে। যাদের আটক করা হয়েছে, তাদের অধিকাংশই ওই বাড়িতে (রেজাউল) ছিল।হামলায় ক্ষতিগ্রস্ত শাহজানান আলী বলেন, ‘আমার বাবার পৈতৃক সম্পত্তিতে আমরা দীর্ঘদিন থেকে বসবাস করে আসছি। গতকাল হঠাৎ করেই রেজাউল করিম লোকজন জড়ো করে হামলা চালায়। এতে আমার লোকজন আত্মরক্ষার চেষ্টা চালালে সংঘর্ষ বেধে যায়।’রেজাউল করিম হামলার কথা অস্বীকার করে বলেন, পীরগঞ্জ উপজেলার কাবিলপুর গ্রাম থেকে তাঁর বাড়িতে কিছু লোক দাওয়াত খেতে এসেছিল। তারা এই হামলার সঙ্গে জড়িত নয়। তাদের বিনা কারণে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেন তিনি।যুবলীগ-ছাত্রলীগ লেখা কাপড় প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চাননি। কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশও মোতায়েন রয়েছে।