রংপুরে জাতীয় পার্টির কমিটি দেড় বছরেও হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের মধ্যে রংপুর জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও দেড় বছরেরও বেশি সময়ে তা হয়নি। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই কমিটি গঠন করা সম্ভব হয়নি বলে দলীয় সূত্রগুলো জানায়। এদিকে রংপুর সিটি করপোরেশন ঘোষণা না হলেও কোন্দলের কারণে মেয়র পদে নির্বাচন করতে দলের তিন নেতা ইতিমধ্যে মাঠে নেমেছেন। তাঁরা হলেন: কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ মশিউর রহমান ওরফে রাঙ্গা, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র এ কে এম আবদুর রউফ এবং জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। সূত্র জানায়, দলের কার্যক্রম গতিশীল করতে জেলা কমিটি ভেঙে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের ছোট ভাই জি এম কাদেরকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় ২০১০ সালের ২৮ মার্চ। এর পরেও দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আসেনি। শহরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে আগের মতো নেতা-কর্মীদের উপস্থিতি নেই। শীর্ষ নেতাদের অনেকেই নিষ্ক্রিয়। মেয়র প্রার্থী হওয়া নিয়ে দলের নেতাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলই এর প্রধান কারণ। জেলা জাতীয় পার্টির সদস্য এস এম ইয়াসীর বলেন, নেতাদের দ্বন্দ্বের কারণে দলে অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নূর আহমেদ বলেন, পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করার প্রধান উদ্দেশ্য ছিল তিন মাসের মধ্যে একটি নতুন কমিটি গঠন করা। কিন্তু দেড় বছর পেরিয়ে গেল। এভাবে কী দল চলে? এ ছাড়া রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে ইতিমধ্যে নেতারা পরস্পরবিরোধী অবস্থানে আছেন। জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, দলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও স্থবিরতার কারণে জেলার তিনটি পৌরসভাসহ আট উপজেলায় সম্মেলন করা সম্ভব হয়নি। জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি করা হলে দলে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ফিরে আসবে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। এ ব্যাপারে জেলা কমিটির আহ্বায়ক জি এম কাদেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।