রংপুরে জাতীয় পার্টির ভরাডুবির তিন কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে নিজেদের দুর্গ বলে পরিচিত রংপুরে ভরাডুবি হয়েছে জাতীয় পার্টির (জাপা)। সদরসহ রংপুরের চারটি উপজেলায় নির্বাচন হয়েছে। এর মধ্যে দুটিতে জাপার কোনো প্রার্থী ছিল না। অন্য দুটিতে দলটির প্রার্থী বিপুল ভোটে পরাজিত হন।
স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, দলের সাংগঠনিক অবস্থা দিন দিন দুর্বল হয়ে পড়া, দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের অসংলগ্ন কথাবার্তা এবং রাজনৈতিক কর্মসূচি না থাকা—এ তিন কারণেই উপজেলা নির্বাচনে দলের ভরাডুবি হয়েছে।
মিঠাপুকুর উপজেলায় জাপা-সমর্থিত প্রার্থী মেজবাউল ইসলাম পান মাত্র আট হাজার ৯৪১ ভোট। বিজয়ী প্রার্থী জামায়াত নেতা গোলাম রব্বানী পান এক লাখ ১৭ হাজার ৩১৪ ভোট। এই পরাজয়ের জন্য দলের সাংগঠনিক কার্যক্রম দুর্বলতাকে দায়ী করেছেন মেজবাউল ইসলাম। বদরগঞ্জ উপজেলায় জাপার প্রার্থী সরোয়ার জাহান পেয়েছেন ১১ হাজার ৪৬ ভোট। বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের ফজলে রাব্বী পান ৩৯ হাজার ৬১১ ভোট।
তারাগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির মামুন-অর-রশিদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এখানে জাতীয় পার্টির প্রার্থী না থাকা প্রসঙ্গে স্থানীয় একটি কলেজের শিক্ষক শাহীনুর রহমান বলেন, এই নির্বাচন দলীয় নির্বাচন নয়। আর মাঠপর্যায়ে এরশাদের জন্য মানুষের আবেগ আগের মতো নেই। পীরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির কোনো প্রার্থীই ছিলেন না। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল গফুর সরকার জানান, দল থেকে তেমন কোনো সহযোগিতার আশ্বাস না পাওয়ায় এখানে কেউই প্রার্থী হননি।
গত ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি রংপুরের বিভিন্ন এলাকা সফর করেন এরশাদ। এ সময় কর্মিসভাগুলোতে দলকে শক্তিশালী করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
জেলা জাতীয় পার্টির প্রবীণ রাজনীতিক ও জেলা কমিটির সদস্য সৈয়দ নূর আহমেদ বলেন, দলের অবস্থান এক দিনে দুর্বল হয়নি। দলের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা এবং এরশাদের সাম্প্রতিক ভূমিকা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জাতীয় পার্টির শ্রমিকনেতা আবদুল মজিদ এরশাদের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ প্রসঙ্গে বলেন, মাঠপর্যায়ে নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয় না বলে এমনটি হয়েছে। এ ছাড়া দলের কার্যক্রম না থাকার বিষয়টিও প্রভাব ফেলেছে।
মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদেরী বলেন, দলীয় প্রচারণা না থাকা এবং দলের ভেতরে দ্বন্দ্ব থাকায় উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থীরা তেমন সুবিধা করতে পারেননি।