রংপুরে জাতীয় পার্টির (জাপা-এরশাদ) অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। জেলা কমিটির সভাপতি রয়েছেন একটি পক্ষের নেতৃত্বে। আর সাধারণ সম্পাদক, সহসভাপতি ও পৌর মেয়রের নেতৃত্বে চলছে আরেকটি পক্ষ। দুটি পক্ষ পৃথকভাবে কর্মসূচি পালন করছে। এতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।দলীয় সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ শহরের সেন্ট্রাল রোডে জেলা জাপার কার্যালয়ে জেলা কমিটির সভাপতি ও সাবেক সাংসদ মশিউর রহমান রাঙ্গা সভা আহ্বান করেন। কিন্তু ওই সভায় সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহসভাপতি ও পৌরসভার মেয়র এ কে এম আব্দুর রউফের সমর্থকেরা উপস্থিত হননি। পরদিন সভাপতি আবারও সভা আহ্বান করলে তাঁরা সভায় যোগ দেননি। ২০ মার্চ দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের জন্মবার্ষিকী দুটি পক্ষ পৃথকভাবে পালন করে।খোঁজ নিয়ে জানা যায়, রংপুরকে বিভাগ ঘোষণা করায় সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়েই এ কোন্দল। মেয়র পদে দল থেকে প্রার্থী হতে চান মশিউর রহমান, এ কে এম আব্দুর রউফ ও মোস্তাফিজুর রহমান।এ ব্যাপারে মোস্তাফিজুর রহমান বলেন, ‘দলকে সুসংগঠিত করতে আমরা কাজ করে যাচ্ছি। দলের মধ্যে এর আগে মিলেমিশে কাজ করা হলেও এখন সেখানে দ্বন্দ্ব দেখা দিয়েছে, এ কথা সত্য।’ এ কে এম আব্দুর রউফ বলেন, ‘জেলা জাপার অধিকাংশ নেতা-কর্মী আমাদের পক্ষে রয়েছে। সভাপতির পক্ষে যাঁরা রয়েছেন তাঁরা লোক দেখানো।’ সভাপতি মশিউর রহমান বলেন, ‘দলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকতে পারে।