রংপুরে জাপার হরতাল পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে চিকিৎসার নামে আটকে রাখা হয়েছে দাবি করে তাঁর মুক্তির দাবিতে রংপুরে দলটির দুটি পক্ষ গতকাল বুধবার আলাদাভাবে হরতাল পালন করেছে।
হরতালে জেলার জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়ে। হরতাল চলাকালে মিছিল ও পিকেটিংয়ে বেশ কয়েকজন শিশুকে ব্যবহার করা হয়।বড়দের মতো তারাও লাঠিসোঁটা নিয়ে সাইকেল ও রিকশার চাকার হাওয়া ছেড়ে দেয়।
জাতীয় পার্টির নেতা-কর্মীরা জানান, জেলার বিলুপ্ত কমিটির সভাপতি মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বাধীন কমিটি গতকাল সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। তবে নতুন জেলা কমিটির সদস্যসচিব মোস্তাফিজার রহমানের নেতৃত্বাধীন অংশ গতকাল সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয়। দুই পক্ষই হরতালের সমর্থনে গতকাল শহরে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করে। এ ছাড়াও পাড়া-মহল্লা ও বিভিন্ন উপজেলায়ও মিছিল করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হরতাল চলাকালে সব দোকানপাট বন্ধ ছিল। এমনকি নগরের জাহাজ কোম্পানি মোড় এলাকার ওষুধের দোকানগুলোও বন্ধ ছিল। সরকারি-বেসরকারি অফিস-আদালতে উপস্থিতি ছিল কম। ব্যাংকে লেনদেন হয়নি। কিছু রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করেনি। এই সুযোগে ফাঁকা সড়কে ফুটবল ও ক্রিকেট খেলতে দেখা গেছে তরুণদের।
মহানগর দোকান মালিক সমিতির সহসভাপতি নজরুল ইসলাম বলেন, ‘বিনা দোষে রংপুরের ছেলে এরশাদকে আটক রাখায় আমরা ব্যবসায়ীরা নিজ উদ্যোগেই আমাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছি।’
মসিউর রহমান রাঙ্গা বলেন, স্বতঃস্ফূর্ত হরতাল পালনের মধ্যদিয়ে রংপুরবাসী আবারও প্রমাণ করল, এখানে এরশাদের জনপ্রিয়তা কমেনি। মোস্তাফিজার
রহমান বলেন, রংপুরে এরশাদের বিকল্প নেই। স্বতঃস্ফূর্ত হরতালের মধ্য দিয়ে আবারও তা প্রমাণিত হলো।