রংপুরে জাপায় তিন পক্ষ কমিটি হয়নি ছয় মাসেও
ত্রিমুখী দ্বন্দ্বের কারণে রংপুরে জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ছয় মাসেও গঠন করা সম্ভব হয়নি।দলের একাধিক সূত্র জানায়, জেলা কমিটির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক অন্তর্কোন্দল দেখা দেওয়ায় দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ গত ২৮ এপ্রিল জেলা কমিটি ভেঙে দেন। দ্বন্দ্ব নিরসনে তিনি সহোদর ও বর্তমান সরকারের মন্ত্রী জি এম কাদেরকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে দেন। দেড় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও এরই মধ্যে ছয় মাস পেরিয়ে গেছে। কিন্তু নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি।এদিকে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্প্রতি রংপুরে ইফতার মাহফিল উপলক্ষে এক আলোচনা সভায় কমিটি গঠন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘দল টিকিয়ে রাখতে হলে অবিলম্বে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে।’রংপুর জেলা জাতীয় পার্টির তিন পক্ষের একটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাংসদ ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মশিউর রহমান। অপরটির নেতৃত্বে আছেন পৌর মেয়র ও জেলা কমিটির সাবেক সভাপতি এ কে এম আবদুর রউফ। তৃতীয় পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।দলের নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন। মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। অনেকেই দল ছেড়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। নতুন আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নূর আহমেদ দলের ত্রিমুখী দ্বন্দ্বের কথা স্বীকার করে বলেন, এই সমস্যা দূর করা কঠিন। কেননা, কেউ কাউকে ছাড় দিতে চাইছেন না। নতুন করে যত চেষ্টাই হোক না কেন, দলের গতি ফিরিয়ে আনা সম্ভব হবে না।আহ্বায়ক কমিটির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল দেড় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার। কিন্তু দলে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তা সম্ভব হয়নি।যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুর রউফ দলে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা স্বীকার করে বলেন, অনেক দিন থেকে দলের সম্মেলন হয় না। সম্মেলনের মাধ্যমে কমিটি করা হলে দলে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ফিরে আসবে। যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বলেন, ‘দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। কিন্তু দলের চেয়ারম্যানকে খুশি করে যাঁরা দলের দায়িত্ব নিয়ে ফায়দা লুটতে চাইছেন, তাঁদের সেই সুযোগ দেওয়া হবে না।’