রংপুরের মাওলানা বশির উদ্দিন হিমাগারে চাষিদের সংরক্ষিত আলু পচে যাওয়ার ক্ষতিপূরণের দাবিতে গতকাল সোমবার চাষিরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছেন। আজ মঙ্গলবার থেকে সাত দিনব্যাপী উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে কৃষক সমিতি। চাষিদের ভয়ে হিমাগার কর্তৃপক্ষ অন্যত্র গা-ঢাকা দিয়েছে। সদর উপজেলার হাজিরহাট এলাকায় মাওলানা বশির উদ্দিন হিমাগারে গত ২৭ এপ্রিল জেলার চাষিদের সংরক্ষিত ৬৫ হাজার বস্তা আলু পচে যায়। চাষিরা অভিযোগ করেছেন, হিমাগারের মালিক রাতের অন্ধকারে ২০ থেকে ২৫ হাজার বস্তা আলু বিক্রি করে দেন। এরপর হিমাগারের গ্যাসপাইপ খুলে দিয়ে আলুর পচন দেখিয়েছে। গতকাল বেলা ১২টায় স্থানীয় প্রেস ক্লাব এলাকা থেকে আলুচাষিরা একটি মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। এ সময় জেলা প্রশাসক বিএম এনামুল হক আলুচাষিদের উদ্দেশে বলেন, ক্ষতিগ্রস্ত আলুচাষিদের তালিকা করে হিমাগারের মালিকের কাছে ক্ষতিপূরণ আদায় করা হবে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, চাষিদের পক্ষে আবদুল জলিল ছয় কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন।