রংপুরে জোড়া খুনের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ট্রাকের চাল লুট করে চালক ও তাঁর সহকারীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আমজাদ (৩৫) নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজের নেতৃত্বে একটি দল দিনাজপুরের পুলহাট এলাকা থেকে আমজাদকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আমজাদকে গ্রেপ্তারের বিষয়টি গতকাল সকালে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে এ ঘটনায় রংপুরের পাগলাপীরের মহাদেবপুর এলাকার জুয়েল রানাকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আমজাদকে গ্রেপ্তার করা হলো। দিনাজপুর সদর উপজেলার করিমুল্লাপুর শাহপাড়া গ্রামে তাঁর বাড়ি।
এই জোড়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি ট্রাকচালক ও তাঁর সহকারীকে হত্যার কথা স্বীকার করেছেন। আমজাদ মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
গত ২৪ মার্চ রংপুর শহরের তাজহাট এলাকায় একটি হিমাগারের সামনে একটি ট্রাকের ভেতর থেকে চালক ও তাঁর সহকারীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দুই ব্যক্তি হলেন ট্রাকচালক কোরাইশ খান (৩৫) ও তাঁর সহকারী রমজান আলী (২২)। দুজনেরই বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুনদাই গ্রামে।
এ ঘটনায় নিহত কোরাইশের বড় ভাই আবদুল করিম রংপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।