রংপুরে ঝুঁকিপূর্ণ ভবনে এতিমদের বসবাস
ছাদের পলেস্তারা খসে পড়ছে। দেয়াল স্যাঁতসেঁতে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে বসবাস করছে রংপুরের সরকারি শিশু পরিবারের (বালক) ১৪৮ জন এতিম। নগরের ধর্মদাস এলাকায় এতিম শিশুরা বসবাস করে এখান থেকে সরকারি খরচে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
এতিমদের আবাসনের জন্য এখানে রয়েছে একটি তিনতলা ভবন। ভবনটির ছয়টি ইউনিটে ৩৪টি কক্ষ রয়েছে। আসন রয়েছে ১৭৫ জন শিশুর। কিন্তু ভর্তি রয়েছে ১৪৮ জন এতিম।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ভবনটির বাইরের দিকে হলুদ রং করা হয়েছে। এতে ভবনের ভেতরের কক্ষগুলোর জীর্ণ দশা বোঝার কোনো কায়দা নেই। এতিমদের থাকার কক্ষগুলোর ছাদের পলেস্তারা খসে পড়ছে। কোথাও রড বের হয়ে গেছে। ডাইনিংয়ের ছাদের পলেস্তারা খসে পড়ায় টেবিলে বসে খাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই অনেকেই খাবার নিয়ে নিজ কক্ষে গিয়ে খাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিশু জানায়, প্রায়ই রাতে বিকট শব্দ হয়। তারা বিছানা থেকে উঠে দেখতে পায়, ছাদের পলেস্তারা খসে
পড়েছে। তবু ঝুঁকি নিয়ে এই ছাদের নিচেই শিশুরা বসবাস করে। কোনোরকমে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এখানে খেলাধুলার জন্য একটি বিরাট মাঠ রয়েছে। তবে খেলার জন্য নেই কোনো ফুটবল, ক্রিকেট ব্যাট-বল বা অন্য কোনো সরঞ্জাম।
সরকারি এ শিশু পরিবারে একজন উপতত্ত্বাবধায়ক, একজন সহকারী তত্ত্বাবধায়কসহ ১৭ জন কর্মচারী রয়েছেন। তাঁদের বসবাসের জন্য রয়েছে আবাসিক কোয়ার্টার।
শিশু পরিবার সূত্র জানায়, একজন এতিম শিশুর পেছনে মাসে খাবার, নাশতা, বই-খাতা, অন্যান্য খরচসহ সব বিষয়ে দুই হাজার ৬০০ টাকা ব্যয় করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কেননা শুধু খাবারের পেছনেই প্রতি মাসে মাথাপিছু খরচ হয় দুই হাজার টাকা। তারা এখানে থেকে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে।
সহকারী তত্ত্বাবধায়ক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ভবনের কক্ষগুলোর জরাজীর্ণ অবস্থার কথা সমাজসেবা বিভাগকে অবহিত করা হয়েছে। অর্থ বরাদ্দ না থাকায় খেলাধুলার সামগ্রী কেনা সম্ভব হয়নি।
সমাজসেবা অধিদপ্তরের রংপুর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ভবন সংস্কারের জন্য ইতিমধ্যে গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আর যা অর্থ বরাদ্দ পাওয়া যায়, তা এতিম শিশুদের পেছনেই খরচ করা হয়।