রংপুরে টিস্যু কালচার প্রযুক্তিতে বীজ-আলু উৎপাদন প্রক্রিয়াধীন
রংপুরে টিস্যু কালচার প্রযুক্তিতে উচ্চফলনশীল ও রোগমুক্ত বীজ-আলু উৎপাদন করা হচ্ছে। সদর উপজেলার তপোধন ইউনিয়নের বাহারকাছনা এলাকায় দুই একর জমিতে এ ধরনের বীজ-আলু উৎপাদন প্রক্রিয়াধীন রয়েছে। জানা গেছে, বীজ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আধুনিক কলাকৌশল ব্যবহার করে বীজ-আলু উৎপাদন করা হচ্ছে। টিস্যু কালচারের মাধ্যমে বীজের মান নিয়ন্ত্রণ করে উচ্চফলনশীল জাতের বীজ নিশ্চিত করা হয়। এতে উৎপাদন খরচ কম হওয়ায় চাষিরা বেশি লাভবান হবেন।বাহারকাছনায় টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহারকারী অ্যাডরন অ্যাগ্রো বায়োটেক সিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম জানান, বিভিন্ন প্রতিষ্ঠান শতভাগ ভাইরাসমুক্ত আলুর বীজ উৎপাদন সফল প্রযুক্তি হিসেবে ব্যবহার করছে। কম মূল্যে এ বীজ সাধারণ কৃষকদের মধ্যে সরবরাহ করা সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের সহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, টিস্যু কালচারের মাধ্যমে যে বীজ হয়, সেই বীজে আলুর ফলন ভালো হবে। এতে কৃষকদের প্রতারিত হওয়ার আশঙ্কা কম।