রংপুরে ট্রাকে ট্রাকে ধাক্কায় নিহত ২
রংপুরের মিঠাপুকুর উপজেলায় থেমে থাকা একটি ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কা দেওয়ায় ঘটনায় দুজন মারা গেছে। নিহত দুজন হলেন ধাক্কা দেওয়া ট্রাকের সহকারী লিমন মিয়া (২২) ও শাজাহান (৫০)। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ওই ট্রাকের চালক পলাতক।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের ওপর আলুবোঝাই একটি ট্রাক রাখা ছিল। এতে কোনো লোক ছিল না। রাত তিনটার দিকে ঢাকা থেকে রংপুরগামী একটি পণ্যবাহী ট্রাক থেমে থাকা ওই ট্রাকটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ট্রাকের সহকারী লিমন মারা যান। অপর সহকারী শাজাহানকে গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত দু’জনেরই বাড়ি মিঠাপুকুর উপজেলায়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেছেন, ধারণা করা যাচ্ছে, ঘন কুয়াশার কারণে থেমে থাকা ট্রাকটিকে চলন্ত ট্রাক দেখতে পায়নি। এতে দুর্ঘটনাটি ঘটেছে। এতে ঘটনাস্থলে ট্রাকের সহকারী একজন এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজন মারা গেছেন।
ওসি জানান, দুটি ট্রাককে মহাসড়ক থেকে সরিয়ে রাস্তার পাশে রাখা হয়েছে।