রংপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের ধর্মদাস এলাকায় ট্রাকের ধাক্কায় তিন চাকার যান (থ্রি হুইলার) মাহেন্দ্রের দুই যাত্রী নিহত ও চালক আহত হয়েছেন। গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রংপুর নগরের তামপাট এলাকার আবদুল মতিন (২৫) ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রবিন মিয়া (২৪)। আহত মাহেন্দ্রচালকের নাম আবদুল বারী। তিনি মিঠাপুকুর উপজেলার বাসিন্দা।
গতকাল সকাল নয়টার দিকে রংপুর নগরের মডার্ন মোড় থেকে মাহেন্দ্রটি মিঠাপুকুর যাচ্ছিল। এই সময় ঢাকা-রংপুর মহাসড়কের ধর্মদাস এলাকায় পৌঁছালে মাহেন্দ্রটিকে বগুড়া থেকে রংপুরের দিকে আসার পথে একটি ট্রাক ধাক্কা দিলে এটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এই সময় ঘটনাস্থলেই মতিন ও রবিন মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। এই ঘটনায় আহত চালক আবদুল বারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।