রংপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের দর্শনা মোড়ে আজ শনিবার সকালে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সকালে শহরের আরকে রোডের দর্শনা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রওশনুজ্জামান ওরফে লিপু (৪৮) ও তাঁর ছেলে শুভ (১০)। তাঁদের বাড়ি মিঠাপুকুর উপজেলার চ্যাংমারী এলাকায়।

এ ঘটনায় রওশনুজ্জামানের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইজার আলী জানান, রওশনুজ্জামানের বড় ছেলে সরওয়ার হোসেন রংপুর ক্যাডেট কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সকাল আটটার দিকে ছেলের সঙ্গে দেখা করতে মোটরসাইকেলে করে তাঁরা তিনজন রংপুরে আসেন। এ সময় আরকে রোডের দর্শনা মোড়ে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত রওশনুজ্জামানের স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন জানান, হাসপাতাল সূত্রে জানা গেছে, রওশনুজ্জামানের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে (লাইফ সাপোর্ট) রাখা হয়েছে।

এসআই ইজার আলী আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটো রংপুর মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকটিকে আটক করা যায়নি।