রংপুরে ট্রাক-ট্রলি ভোগান্তি
রংপুর শহরে দিনের বেলা ট্রাক-ট্রলি ঢোকার অনুমতি না থাকলেও ইট ও বালুবোঝাই এসব গাড়ি ঢুকছে। এতে করে ঈদের বাজারে কেনাকাটা করতে আসা লোকজনের ভোগান্তি হচ্ছে।
ঈদে কেনাকাটার সুবিধার্থে শহরের মধ্যে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশাসহ কার, মাইক্রো, ট্রাক, ট্রলি চলাচল বন্ধ রয়েছে। এতে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু এর পরও বিভিন্ন পাড়া-মহল্লার ভেতর দিয়ে ট্রাক-ট্রলি ঢুকছে।
সরেজমিনে দেখা গেছে, গত মঙ্গলবার দুপুরের দিকে ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানী মোড়ে একটি ট্রলি ঢুকে পড়ে। এ সময় লোকজন অভিযোগ করেন, এত নিয়ম থাকার পরও কীভাবে এই ঈদের বাজারে ভিড়ের মধ্যে ট্রলি ঢুকল।
শহরের মডার্ন মোড় হয়ে আরকে রোড দিয়ে গণেশপুর, মুলাটোল, মুন্সিপাড়া, কেরানীপাড়া, ধাপ, কলেজ রোড, কামালকাছনাসহ আরও কিছু পাড়া-মহল্লায় বালু, ইট ও রড-সিমেন্টের ট্রাক ও ট্রলি ঢোকে।
কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে পুলিশ ট্রেনিং সেন্টার ও ধাপ চেক পোস্ট এবং সাতমাথার পাশ দিয়ে বালু ও ইটবাহী ট্রাক শহরের মধ্যে ঢোকে। এসব স্থানে পুলিশি টহল জোরদার করা হলে গাড়ি ঢুকতে পারবে না বলে এলাকাবাসী অনেকে বলেন।
রংপুর বিভাগ উন্নয়ন সামাজিক সংস্থার আহবায়ক ওয়াদুদ আলী বলেন, ট্রাফিক ব্যবস্থা জোরদার করলেই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন মূল শহরের মধ্যে অটো চলাচল বন্ধ থাকায় শহরে নাগরিক জীবনে স্বস্তি ফিরে এসেছে। তাহলে দিনের বেলা ট্রাক-ট্রলি প্রবেশ বন্ধ হবে না কেন?
ট্রাফিক পরিদর্শক (টিআই) সাদাকাতুল বারী বলেন, শহরে রাস্তার উন্নয়নকাজের জন্য মাঝেমধ্যে ঠিকাদারদের ট্রলি ঢুকছে। এটিও বন্ধ করা হবে বলে তিনি জানান।