রংপুরে ট্রাফিক পুলিশ কার্যালয়ে ছাত্রলীগের হামলা, গ্রেপ্তার ৬
রংপুরে ছাত্রলীগের এক নেতার নম্বরবিহীন মোটরসাইকেল আটক করায় গত মঙ্গলবার রাতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রলীগের পাঁচ নেতা ও এক কর্মীকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে র্যাব ও ট্রাফিক পুলিশের একটি দল শহরের কাচারীবাজারে অভিযান চালায়। এ সময় দলটি ছাত্রলীগের রংপুর মেডিকেল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহদী হাসানের একটি নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসে। পরে মোটরসাইকেলটি ছেড়ে দেওয়া হয়। এরপর রাত নয়টার দিকে ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী সেনপাড়ার ট্রাফিক পুলিশ কার্যালয়ে হামলা চালিয়ে সেখানকার চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ সময় রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক ও সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, কলেজের জিয়া ছাত্রাবাসের ছাত্রলীগের সভাপতি রেজওয়ানূর রহমান, রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব ও সাধারণ সম্পাদক ইউনুস আলী এবং কর্মী শফিউর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে।