রংপুরে ডিসির কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদুল হাসান নামের এক কলেজছাত্রকে হত্যার ঘটনায় জড়িত লোকজনকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার রংপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করেছেন এলাকাবাসী। এ সময় ওই কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা চলছিল।
এলাকাবাসী জানায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নগরের খটখটিয়া এলাকায় গত ২৩ ডিসেম্বর মজিবর রহমানের ছেলে ফরিদুল হাসানকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরদিন তার বড় ভাই নাজমুল হাসান বাদী হয়ে আমিনুর, হেলাল, বেলাল, দুলাল, লিমন, শহিদুল, লায়লা, আরেফা ও রেহানা খাতুনের নামে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। ফরিদুল আনন্দলোক ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।
প্রায় এক মাস পরও ফরিদুল হত্যার ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় গতকাল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে এলাকাবাসী। এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু উপস্থিত ছিলেন। বিক্ষোভ চলাকালে মেয়র বলেন, ফরিদুল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার বিষয়টি তিনি পুলিশকে জানাবেন।