রংপুরে ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রংপুর বিভাগে যুবদল ও ছাত্রদলের ডাকা হরতাল গতকাল সোমবার ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ীতে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় হরতাল-সমর্থকেরা ১০-১২টি গাড়ি ভাঙচুর করেন। হরতালের আগের রাতে নাশকতা পরিকল্পনার অভিযোগে নগরের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ থেকে যুবদল জেলা শাখার সভাপতি রইস আহমেদ ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহফুজ-উন নবী, জেলা ছাত্রদলের সভাপতি জহির আলমসহ সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে রাতেই নগরের সুরভী উদ্যানের সামনে বিক্ষুব্ধ কর্মীরা একটি ট্রাকে আগুন দেন। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

 গতকাল নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকায় নেতা-কর্মীরা কার্যালয়ের ভেতরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। নগরের অধিকাংশ বিপণিবিতান বন্ধ ছিল। ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ হালকা যানবাহন চলাচল করলেও আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন কম হয়েছে। নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খলিফা জানান, ওই নেতা-কর্মীদের গ্রেপ্তার করার সময় ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেলসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরে হরতালের সমর্থনে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল মিছিল বের করে। মিছিলটি শহরের মহেষপুর নামক স্থানে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের  নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসানসহ পাঁচজন আহত হয়। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে ১০-১২টি যানবাহন ভাঙচুর করা হয়।