রংপুরে তরুণকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির ওপর দিয়ে কলের লাঙল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গতকাল বুধবার রংপুরের মিঠাপুকুরে নয়ন মিয়া (২৫) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি উপজেলার ময়েনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলমের ছেলে।
একই দিন রাজশাহী নগরের একটি ছাত্রাবাস থেকে সাখাওয়াত হোসেন নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোজাফ্ফর হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিঠাপুকুরের ময়েনপুর ইউনিয়নের গেনারপাড়া এলাকায় নয়ন মিয়া সকাল সাড়ে ১০টার দিকে তাইফুল ইসলামের জমির ওপর দিয়ে একটি কলের লাঙল নিয়ে যান। এতে তাইফুল ক্ষিপ্ত হয়ে নয়ন মিয়াকে গালাগাল করেন। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। একপর্যায়ে তাইফুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা নয়ন মিয়াকে লাঠি দিয়ে পেটালে ঘটনাস্থলেই তাইফুল মারা যান। গ্রামবাসী তাইফুল, তাঁর স্ত্রী পারুল বেগম ও ভাই হাকিমকে আটক করে থানায় সোপর্দ করে।
তাইফুলের বাবা সামসুল আলম দাবি করেন, ‘কথা-কাটাকাটির জের ধরে আমার ছেলেকে মারপিট করায় সে মারা যায়।’
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারপিটের ঘটনায় নয়ন মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জানান, নগরের রানীবাজার এলাকায় রাজধানী ছাত্রাবাসের ছাদের ওপরে তৈরি করা একটি কক্ষে সাখাওয়াত একাই থাকতেন। ওই কক্ষে তিনি নিজেই রান্নাবান্না করে খেতেন। এ জন্য নিচের ছাত্রদের সঙ্গে তার যোগাযোগ কম ছিল। গতকাল দুপুরে তার কক্ষের জানালা দিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখে অন্য ছাত্ররা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের পর তা জানা যাবে।