রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলায় বিএনপির ‘দুই’ কমিটি নিয়ে বিপাকে পড়েছেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। দুটি পক্ষই নিজেদের কমিটিকে বৈধ হিসেবে দাবি করছে। মূল দলের এই বিভক্তির মধ্যে সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী সমিতিও পাল্টাপাল্টি কমিটি গঠন করেছে।পাল্টাপাল্টি কমিটি গঠন করা নিয়ে সাংগঠনিকভাবে বিএনপির কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। দলের নেতা-কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেক বেড়ে গেছে। জেলা কমিটির নিয়মিত সভা হয় না। জেলা বিএনপির গ্রান্ড হোটেল মোড়ের কার্যালয় খোলা হলেও নেই কোনো কার্যক্রম। এক পক্ষ কার্যালয়ে থাকলে আরেক পক্ষ চলে যায়। পীরগঞ্জ উপজেলায় জেলা বিএনপির সাবেক সভাপতি রহিম উদ্দিন ভরসার পক্ষের আহ্বায়ক হয়েছেন সাবেক সাংসদ নূর মোহাম্মদ মণ্ডল। আর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মোজাফ্ফর হোসেন পক্ষের আহ্বায়ক করা হয়েছে সাইফুল ইসলামকে। নূর মোহাম্মদ মণ্ডল বলেন, দলে যোগদানের পর তাঁকে আহ্বায়ক নির্বাচিত করা হয়। নতুন করে কোনো কমিটি করা হয়নি। সাইফুল ইসলাম বলেন, পরবর্তী সময়ে তাঁকে আহ্বায়ক করা হয়। মিঠাপুকুর উপজেলায় এক পক্ষের আহ্বায়ক বদরুল ইসলাম ও অন্য পক্ষের আহ্বায়ক হয়েছেন শাহ মোহাম্মদ শাহজাহান। গত ১৫ জুন একটি পক্ষ সভা আহ্বান করলে অন্য পক্ষ একই স্থানে পাল্টা সভা আহ্বান করায় উভয় পক্ষের কর্মসূচি পণ্ড হয়ে যায। এরপর উভয় পক্ষ পাল্টাপাল্টি মিছিল বের করে। বদরুল ইসলাম বলেন, তাঁকেই প্রথম আহ্বায়ক করা হয়। পরবর্তী সময়ে একটি কমিটি গঠন করা হলেও তা জেলা কমিটি অনুমোদন দেয়নি। শাহ মোহাম্মদ শাহজাহান বলেন, বর্তমান আহ্বায়ক কমিটি তাঁকেই অনুমোদন দিয়েছে। গঙ্গাচড়া উপজেলায় ওয়াহেদুজ্জামান ও শাহ এরশাদুল হকের নেতৃত্বাধীন দুটি পৃথক আহ্বায়ক কমিটির নেতা-কর্মীদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওয়াহেদুজ্জামান দাবি করেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি তাঁকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দিয়েছে। শাহ এরশাদুল হক বলেন, জেলা কমিটির সাবেক আহ্বায়ক রহিম উদ্দিন ভরসা তাঁকে আহ্বায়ক করেছেন। পরবর্তী সময়ে এই কমিটি পরিবর্তন হয়েছে কি না তা তাঁর জানা নেই।জেলা বিএনপির একাধিক সূত্র জানায়, চলতি মাসের শুরুর দিকে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে দুটি পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে একরামুল হক ও বদরুল ইসলামকে। অপর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আবদুল কাউয়ুম মণ্ডল ও আবু তাহের। পাল্টাপাল্টি কমিটি প্রসঙ্গে বদরুল ইসলাম বলেন, তাঁদের কমিটিই প্রথম গঠন করা হয়েছে। অন্য কমিটির সাধারণ সম্পাদক দাবিদার আবু তাহের বলেন, জেলা কমিটির আহ্বায়কের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। বিবদমান দুটি পক্ষের একটির নেতৃত্ব দেওয়া জেলা বিএনপির সাবেক সভাপতি রহিম উদ্দিন ভরসা বলেন, একটু-আধটু বিরোধ থাকতে পারে। আরেক পক্ষের নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন বলেন, দলের মধ্যে যাঁরা নিষ্ক্রিয় তাঁরাই সমস্যা করছেন। তবে এসব কাটিয়ে বেশির ভাগ কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে।