রংপুরে তিন ওয়ার্ডে কাউন্সিলর নেই, নাগরিক ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডে বর্তমানে কোনো কাউন্সিলর নেই। এতে সিটি করপোরেশনের সেবা পেতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার নাগরিকেরা। তাঁরা অনেকটা অভিভাবকহীন অবস্থায় রয়েছেন।

এই তিন কাউন্সিলরের মধ্যে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারের পর একজন রয়েছেন কারাগারে। আরেকজনও কারাগারে আছেন চাঁদাবাজির মামলায় এবং অন্যজন মৃত্যুবরণ করেছেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, সিটি করপোরেশনে সাধারণ কাউন্সিলর ৩৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ১১ জন। এর মধ্যে ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদকে গত বছরের ১১ সেপ্টেম্বর পিস্তল, গুলিসহ গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোখলেছুর রহমানকে গত ২৬ অক্টোবর শহরের ধাপ এলাকায় বেসরকারি হাসপাতাল ল্যাবএইড থেকে গ্রেপ্তার করা হয় একটি চাঁদাবাজির মামলায়। দ্রুত বিচার আইনে করা ওই মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এর আগে তিনি একটি হত্যাচেষ্টার মামলায় কয়েক মাস কারাগারে ছিলেন। আর ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক মারা যান গত ১৭ জুলাই।

এই তিন ওয়ার্ডের বাসিন্দাদের ভাষ্য, ওয়ার্ডের অভিভাবক হলেন কাউন্সিলর। তাঁদের অনুপস্থিতিতে কোনো কাজ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। নাগরিকদের নানামুখী সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কেননা, এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে কাউন্সিলরের উপস্থিতি খুবই প্রয়োজন। কিন্তু তাঁরা না থাকায় ছোট ছোট কাজের জন্য যেতে হচ্ছে সিটি করপোরেশনে।

১৪ নম্বর ওয়ার্ডের সাতগাড়া এলাকার শিক্ষক রহমত আলী বলেন, তাঁর এলাকার কাউন্সিলর কারাগারে থাকায় এলাকায় কোনো সমস্যা হলে পরামর্শ দেওয়ারও কেউ নেই। সংরক্ষিত নারী কাউন্সিলরদের কাজ করতে বলা হলেও তিন ওয়ার্ড নিয়ে বিশাল এলাকায় সংরক্ষিত কাউন্সিলরেরা যোগাযোগ স্থাপন করতে পারেন না।

৫ নম্বর ওয়ার্ডের খটখটিয়া এলাকার ব্যবসায়ী মাসুদ রানার অভিযোগ, কাউন্সিলর না থাকায় এলাকার অনেক কাজে সমস্যা হচ্ছে। যেকোনো কাজে কাউন্সিলরের স্বাক্ষরের প্রয়োজন হয়। বর্তমানে এই কাজ পাশের ওয়ার্ডের কাউন্সিলর করলেও তাঁকে নিয়মিত পান না এলাকাবাসী।

এই এলাকার যুবক শমসের আলী বলেন, কাউন্সিলর-সংশ্লিষ্ট কাজ সিটি করপোরেশনে গিয়ে সমাধান করতে হচ্ছে। এতে ভোগান্তি বেড়েছে। একই অভিমত ব্যক্ত করেন ১৪ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হলেন হাফিজা খাতুন। তিনি প্রথম আলোকে বলেন, বড় তিনটি ওয়ার্ডের কাজ, তার ওপর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর না থাকায় তাঁকে বিশেষভাবে সেটিও দেখতে হয়। ফলে কাজ করতে গিয়ে ওয়ার্ডবাসীর কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে চেষ্টা করা হচ্ছে নাগরিকদের সর্বোচ্চ সেবা দেওয়ার।

যোগাযোগ করলে মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু প্রথম আলোকে বলেন, কাউন্সিলর না থাকলে ওয়ার্ডবাসীকে অনেক ভোগান্তি পোহাতে হয়, এ কথা ঠিক। তবে কাউন্সিলর-শূন্য তিনটি ওয়ার্ডের সমস্যা দেখভাল করার জন্য সংশ্লিষ্ট এলাকার সংরক্ষিত নারী কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য কাউন্সিলরের সুপারিশের ভিত্তিতেও সমস্যা সমাধান করা হচ্ছে।